‘শান্তিতে বিজয়’ আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

ঢাকা: শনিবার ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পরিচালনায় দিনব্যাপী ‘শান্তিতে বিজয়’ শীর্ষক আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Peace debate at DU Teacher students centre on Saturday
Peace debate at DU Teacher students centre on Saturday

অশান্তিকে উড়িয়ে দিয়ে তরুণ ছাত্ররা এই আয়োজনের উদ্বোধন করেন। দেশের সরকারী – বেসরকারী পর্যায়ের ১৩টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণে চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘আমরা বিশ্বাস করি, নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পারে।’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় ঢাকা কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আখতারুজ্জামান বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় তরুণরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা শুধু ভোটের অধিকার চর্চা করছে না, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য তাদের নির্বাচনী এলাকায় সভা , র্যালি আয়োজন করছে।তরুণ বিতার্কিকবৃন্দ যুক্তি তর্কের মধ্য দিয়ে সচেতন ভোটারদের সক্রিয় ভূমিকা নিয়ে কথা বলে গেছেন যা শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা রাখতে পারে। ’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন: অধ্যাপক মাহবুবা নাসরিন, সঞ্চালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ডিবেটিং সোসাইটি এবং পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; কেটি ক্রোক, চিফ অব পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ডিআই দেশের প্রধান রাজনৈতিক দলসমূহ, দলের প্রার্থীবৃন্দ ও ভোটারদের শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতির গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এবং তাঁদেরকে সম্পৃক্ত করতে ‘শান্তিতে বিজয়’ শীর্ষক একটি ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ পারস্পরিক রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে অহিংস ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পক্ষে অবদান রাখছেন।
এই অনুষ্ঠানটি ইউএসএআইডি এবং ইউকেএইড এর যৌথ অর্থায়নে Strengthening Political Landscape প্রকল্পের অধীনে আয়োজিত হয়েছে। – প্রেস বিজ্ঞপ্তি