আলেমগন রাজনীতিতে পিছিয়ে থাকায় দুর্নীতিবাজরা দেশ চালাচ্ছে -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। ফলে দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত না হলে, শোষিত-বঞ্চিত, মজলুম গণ-মানুষের পক্ষে ভূমিকা না রাখলে সমাজের নেতৃত্ব কোন দিনও জালেমের হাত থেকে আলেমদের হাতে আসবে না। তিনি বলেন, সমাজব্যবস্থা আজ ভেঙ্গে পড়েছে। কোথাও শান্তি নেই নিরাপত্তা নেই। মানুষের মধ্যে চলছে একপ্রকার হাহাকার।
গতকাল বিকেলে রাজধানীল পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি, মুহাদ্দিস মাওলানা আবদুল হক আজাদ, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম-সম্পাদক মুফতি হেমায়েতল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা কামাল উদ্দিন, মুফতি জাবের হোসাইন, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, মাওলানা নাজির আহমদ শিবলী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
পীর সাহেব চরমোনাই বলেন, প্রচলিত শাসনব্যবস্থা মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতেও নারাজ। মানুষের অধিকার বলতে নেই। সর্বক্ষেত্রে জিম্মি জিম্মি অবস্থা। প্রচলিত এ সমাজব্যবস্থার পরিবর্তে একটি ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে ওলামা-মাশায়েখের ভূমিকা অনস্বীকার্য। দেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে অল্প সময়েই ভারসাম্যহীন সমাজব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে গণমানুষের কাঙ্খিত মুক্তির ঠিকানা ইসলামকে রাষ্ট্রীয়ভাকে প্রতিষ্ঠা করা সম্ভব।
আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা
কুষ্টিয়ার আদালতে একটি মানহানির মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে আসার সময় আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। এক বিবৃতিত্বে নেতৃদ্বয় বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় পুলিশের উপস্থিতিতে তাঁকে আদালত চত্ত্বরে রক্তাক্ত করার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রের একজন সাধারণ মানুষেরও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আদালত মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করে তাকে নিরাপত্তার সাথে ঢাকায় পৌছে দেয়ারও আদেশ দেন। কিন্তু তাকে নিরাপত্তা না দিয়ে তাঁর ওপর বর্বর হামলা করে আদালতকে অপমানিত করা হয়েছে। নেতৃদ্বয় হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।